ববোটি দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ ঐতিহ্যবাহী খাবার। সাধারণত মাংসের কিমা, সুগন্ধি মসলা, আপেল, কিশমিশ ও হালকা মিষ্টি স্বাদের মিশেলে এটি তৈরি করা হয়। ববোটি মোড়ানো হয় পাতলা ও মুচমুচে করে তৈরি করা ফিলো পেস্ট্রি দিয়ে। ত্রিভুজ আকৃতির আফ্রিকান এই মিশ্র স্বাদের হালকা খাবার ঘরে বানিয়ে বিকেল বা সন্ধ্যার নাশতায় কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন।
৫০০ গ্রাম গরু বা খাসির কিমা,১টি বড় পেঁয়াজকুচি, ২ কোয়া রসুনবাটা, ৪ চা-চামচ মাঝারি ঝালের কারি পাউডার, ১ চা-চামচ গরমমসলা বা অতিরিক্ত কারি পাউডার, আধা চা-চামচ করে হলুদ, ধনে ও আদাগুঁড়া, সামান্য মরিচগুঁড়া, সামান্য ক্যাপসিকামকুচি,১টি খোসাসহ সবুজ আপেলকুচি, দুই টুকরো পাউরুটির সাদা অংশ, এক কাপ দুধ, ১ চা-চামচ লবণ, ১ চা-চামচ বেকিং পাউডার, ২ থেকে ৩ চামচ অ্যাপ্রিকট বা ফলের চাটনি, ১ টেবিল চামচ সাদা ভিনেগার, ১ চা-চামচ বিফ স্টক পাউডার,৮টি পেস্ট্রি শিট, ২০০ গ্রাম মাখন,২টি ডিম, সামান্য লবণ, কাজুবাদামকুচি, লেবুপাতা বা তেজপাতা এবং গরম পানিতে ভিজিয়ে নেওয়া কয়েকটি কিশমিশ।
প্রথমে একটি বড় নন-স্টিক ফ্রাই প্যানে কিমা, পেঁয়াজ, রসুন এবং সব মসলা একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট ভাজুন। কিমা ঝুরঝুরে হয়ে এলে তাতে কুচি করা ক্যাপসিকাম, কিশমিশ, ভিনেগার ও আপেল দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। যতক্ষণ না কিমা হালকা বাদামি রং ধারণ করে, ততক্ষণ রান্না করতে থাকুন। এবার পাউরুটির ওপর দুধ ঢেলে নরম করে নিয়ে কিমাসহ সব উপকরণের সঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। স্বাদমতো লবণ ও মসলা চেখে ওভেনে বেক করে নিন। একটি চামচ দিয়ে চেপে কিমা সমান করে নিন।
টপিংয়ের জন্য ডিম, দুধ ও লবণ একসঙ্গে ফেটিয়ে কিমার ওপর ঢেলে দিন। চাইলে কাজুবাদামকুচি ছড়িয়ে এবং কয়েকটি লেবুপাতা বা তেজপাতা দিতে পারেন। তারপর ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট সময় নিয়ে বেক করে নিন। টপিং জমে হালকা সোনালি রং হলে বের করে ঠান্ডা হতে দিন।
পাই তৈরির জন্য দুটি ফিলো বা পেস্ট্রি শিট নিন। একটি শিটের ওপর গলানো মাখন হালকা করে ব্রাশ করুন। এরপর তার ওপর আরেকটি শিট বিছিয়ে দিন। এবার দুটি শিট একসঙ্গে লম্বালম্বিভাবে ৪ বা ৫টি সমান ফালি করুন। প্রতিটি ফালিতে মাখন ব্রাশ করুন। তবে যে অংশে পুর দেবেন, সেখানে মাখন লাগানোর প্রয়োজন নেই। প্রতিটি ফালির নিচের দিকে এক চা-চামচ পরিমাণ ববোটি রেখে ত্রিভুজ আকৃতিতে ভাঁজ করে নিন। আকৃতি ঠিক রেখে এভাবে পুরোটা ভাঁজ করুন। সব কটি ত্রিভুজ পাই তৈরি হয়ে গেলে এগুলোতে গলানো মাখন ব্রাশ করে দিন।
ওভেনে বেক করলে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নিন। পাইগুলো বেকিং ট্রেতে সাজিয়ে ২০ থেকে ৩০ মিনিট বেক করুন। সোনালি রং ধরলে এবং ভেতরের পুর সেট হয়ে গেলে বের করে নিন। এয়ার ফ্রায়ারে তৈরি করলে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিন।
ববোটি এক বা দুই দিন ফ্রিজে সংরক্ষণ করা যায়। কাঁচা পাই বানিয়ে প্লাস্টিকে মুড়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রান্নার আগে শুধু গলিয়ে মাখন ব্রাশ করে বেক করুন। বেক করা পাই ফ্রিজে রাখলেও পরে ওভেনে ৮ মিনিট বা এয়ার ফ্রায়ারে ৪ থেকে ৫ মিনিট গরম করে নিলেই খাওয়া যাবে।
মিষ্টি, ঝাল আর মসলার দারুণ মিশ্রণ এই রেসিপিকে আরও বেশি মজাদার করে তোলে। গরম-গরম ববোটি ফিলো পাইয়ের সঙ্গে জ্যাম বা ফলের চাটনি পরিবেশন করুন। এতে এর স্বাদ আরও বেড়ে যাবে।
সূত্র: ড্রিজল অ্যান্ড ডিপ








