তরুণদের রোবোটিকস ও পিসিবি ডিজাইন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সিলেট বন্ধুসভা। ‘সার্কিট টু রোবট: আ হ্যান্ডস-অন রোবোটিকস অ্যান্ড পিসিবি ডিজাইন ওয়ার্কশপ’ শিরোনামে ৫ জুলাই লিডিং ইউনিভার্সিটিতে এটি অনুষ্ঠিত হয়। লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ইলেকট্রনিকস ডিজাইনার ও পিসিবি ডিজাইন বিশেষজ্ঞ নিহাল দাস অঙ্কুর এবং রোবোটিকস অনুরাগী, প্রযুক্তি শিক্ষাবিদ ও ডেভেলপার মাজেদুল ইসলাম নাঈম। তাঁরা রোবোটিকস ও পিসিবি ডিজাইনের বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয় হাতে-কলমে উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা সার্কিট ডিজাইন, পিসিবি তৈরির প্রাথমিক ধারণা, রোবোটিকসের বিভিন্ন উপাদান এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। ছিল বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্ব।

সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় অতিথিদের পরিচয় পর্বের পর শুরু হয় মূল আয়োজন। এতে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মো. তাজউদ্দীন। সিলেট বন্ধুসভার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় এ ধরনের শিক্ষামূলক ও প্রযুক্তিভিত্তিক আয়োজনের পাশে থাকবে বলে তিনি জানান।
শিক্ষার্থীদের প্রযুক্তি নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জিহাদুল ইসলাম মনি বলেন, ‘পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।’

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ মোর্শেদুল হক বলেন, ‘বর্তমান সময়ে রোবোটিকস ও ইলেকট্রনিকসের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই ব্যবহারিক শিক্ষা ও গবেষণায় আগ্রহী হতে হবে।’
সংক্ষিপ্ত বক্তব্যে বেভারলি হিলস কলেজ অব স্কিলসের প্রতিনিধি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের ব্যবহারিক কর্মশালার গুরুত্ব তুলে ধরে সিলেট বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করেন।
রোবোনাট বিডির প্রতিনিধি বলেন, প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের বিকল্প নেই। ভবিষ্যতেও এমন আয়োজনের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন তিনি।
শুভেচ্ছা বক্তব্যে সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেন বলেন, তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াতে বন্ধুসভা নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও নতুন ও সময়োপযোগী কর্মশালার আয়োজন করা হবে।

দিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য মো. তাজউদ্দীন।
আয়োজনে স্পনসর পার্টনার ছিল বেভারলি হিলস কলেজ অব স্কিলস (বিএইচসিএস), লজিস্টিক পার্টনার লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ, টেকনিক্যাল পার্টনার রোবোনাট বিডি এবং মিডিয়া পার্টনার ষাটমা কণ্ঠ। পরে সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য।
এ সময় সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপাচার্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে কর্মশালার দুই মেন্টর নিহাল দাস অঙ্কুর ও মাজেদুল ইসলাম নাঈমের হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। সঞ্চালনা করেন দেব রায় সৌমেন ও সুবর্ণা দেব।
সাংগঠনিক সম্পাদক, সিলেট বন্ধুসভা








