পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ৯টায় উপজেলার দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার এবং ছাত্রদলের সহ-সভাপতি রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাসপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।








