রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে তিন দিনব্যাপী পাহাড়ি ফলমেলা-২০২৬ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ মেলার উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলা কাল সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলার মোট ৩০টি স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণে রয়েছে পাহাড়ের সুস্বাদু মৌসুমি ফল আম, আনারস, কাঁঠাল, কলা থেকে শুরু করে দুর্লভ বুনো রক্তফল (রসকো), রাম্বুটান ও বুনো বেলের মতো বাহারি ফলের সমাহার।

পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা, সংসদ সদস্য সাচিং প্রু ও সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য মাধবী মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পাহাড়ি ফলমেলা শুধু একটি অনুষ্ঠান নয়, এ মেলা পার্বত্য অঞ্চলের ফল-ফসল, সংস্কৃতি ও জীবনযাত্রাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি মাধ্যম। তিনি বলেন, পাহাড়ের কৃষিজাত পণ্য সংরক্ষণে প্রতিটি উপজেলায় পরিবেশবান্ধব ইকো-ফ্রেন্ডলি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।