ভারত ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার ৪ আসামিকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে এবং দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে সরকার।”
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “প্রকৃত ঘটনা, তথ্য, ছবি ও ভিডিও আপনাদের সামনে আছে। এগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উত্তেজনা তৈরির চেষ্টা করছে। এর পেছনে যে-ই থাকুক, আমরা আমাদের দায়িত্ব পালন করছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে তিন জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে একজন মোট ৪ জনকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনানুগ সব কার্যক্রম সম্পন্ন করেছে।
তিনি বলেন, “ইউএই কর্তৃপক্ষ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করেছে। প্রত্যর্পণের জন্য ৩০ দিনের মধ্যে যেসব নথি চাওয়া হয়েছিল, আমরা সেগুলো তিন দিনের মধ্যেই পাঠিয়ে দিয়েছি। এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই সাড়া পাব।”
ভারতে গ্রেপ্তার তিন আসামির বিষয়ে মন্ত্রী বলেন, “তারা শহীদ উসমান হাদী হত্যা মামলার অভিযুক্ত। তাদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা, মামলার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তারা বর্তমানে ভারতের স্থানীয় আদালতে অন্য মামলায় বিচারাধীন থাকায় কিছুটা সময় লাগতে পারে। তবে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিচারাধীন মামলা থাকলেও আসামিকে ফেরত পাঠানোর সুযোগ রয়েছে।”








