কক্সবাজারের রামু উপজেলায় মিনারেল ওয়াটারের বোতলে রাখা এসিড পান করে মো. ওসমান (৬০) নামের এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত ওসমান উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন ওসমান। এ সময় তৃষ্ণা পেলে পাশে থাকা একটি বোতল থেকে পানি মনে করে তিনি তরল পান করেন। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দেখেন, বোতলটিতে পানি নয়; বরং রাবার ঘন করার কাজে ব্যবহৃত সালফিউরিক এসিড রাখা ছিল।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।/