জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে চলমান এইচএসসি পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষাতে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হলেও পরীক্ষার শেষ দিকে এসে তারা বুঝতে পারেন যে পরীক্ষার্থীদের হাতে চলতি বছরের পরিবর্তে ২০২৫ সালের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলী মীর জানান, ?৪২০২ নাম্বার কক্ষের জন্য যে ৫টি বান্ডেল খোলা হয় সেসবের প্রতিটি বান্ডেলের উপরে ‘২০২৬ সালের প্রশ্নপত্র’ লেখা থাকলেও ভেতরে ২০২৫-র সিলেবাসের প্রশ্নপত্র ছিল। তাদের উত্তরপত্র নমনীয়ভাবে, ২০২৫-র প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে।