দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুলপ্রতীক্ষিত ও ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জানা নয়াগান’ মুক্তির আগেই নতুন আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, সিনেমাটি ভারতে সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিছু পরিবর্তন ও কাটছাঁটের পর মুক্তি পেলেও যুক্তরাজ্যে দর্শক দেখতে পাবেন সম্পূর্ণ আনকাট সংস্করণ। যুক্তরাজ্যে সিনেমাটির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ২৪ জুলাই দেশটির প্রেক্ষাগৃহে ‘জানা নয়াগান’ কোনো কাটছাঁট ছাড়াই মুক্তি পাবে। ঘোষণার পর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে ওটিটি প্ল্যাটফর্মেও আনকাট সংস্করণটি মুক্তি পাবে। অন্যদিকে ভারতে সিনেমাটি একাধিক সংশোধনের পর ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস। সিনেমার গল্পে দেখা যাবে ভেত্রি কন্দন নামের এক সাবেক কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে, যিনি এক কিশোরীকে দত্তক নিয়ে তাকে শক্তিশালী ও স্বনির্ভর মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। পরে দেশের ওপর নেমে আসা এক ভয়াবহ সংকটের মুখে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। বিজয়ের পাশাপাশি সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, প্রিয়ামণিসহ আরও অনেকে।