দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে আজ (সোমবার) বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সেজন্য সচেষ্ট আছি। গতকাল (রোববার) খারাপ ছিল, আজ (সোমবার) সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি।’ সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী এ কথা বলেন।

এর আগে রোববার ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানিয়েছেলেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

ওই বিদ্যুৎকেন্দ্রে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে বলে দাবি করে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আমাদের বিদ্যুতের দুটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজ আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট। আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট কমিয়ে নিয়ে আনার জন্য।