রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য গোলাম সাকলায়েনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বিএনপিকে স্বৈরাচারী দল আখ্যা দিতে এবং দলীয় নেতৃত্ব নিয়ে সমালোচনামূলক কঠোর মন্তব্য করতে শোনা গেছে। বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, নেতাকর্মীরা বলেছেন, গোলাম সাকলায়েনের বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়িক সুবিধা গ্রহণ, ফসলি জমিতে পুকুর খননসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে গোলাম সাকলায়েনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তিনি দাবি করেন, যারা তার ভিডিও ছড়িয়েছে সেটা কাটছাট করে নিজের মতো করে ছেড়েছে। দলীয় একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি দুর্গাপুরে ঘরোয়া দলীয় ফোরামে কথা প্রসঙ্গে কথাগুলো বলেন এই বিএনপি নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ভিডিওটিতে বিএনপি নেতার দেওয়া বক্তব্যের প্রেক্ষাপট যাচাইয়ের দাবিও উঠেছে স্থানীয় নেতাকর্মীদের পক্ষে।
দীর্ঘদিন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন গোলাম সাকলায়েন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। সাকলায়েন ২০১১ সালে দলীয় সমর্থনে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তবে তিনি জিততে পারেননি। ওই নির্বাচন পরবর্তী সময়ে তিনি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ছিলেন।
ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে, কোথায় এবং কোন প্রেক্ষাপটে বিএনপি নেতা এমন বক্তব্য দিয়েছেন, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও নিশ্চিত করে সেই তথ্য দিতে পারেননি। তবে তারা বলছেন,সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যটি গোলাম সাকলায়েনের, তা নিশ্চিত।
এদিকে দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জোবায়েদ হোসেন বলেন, তিনি দলকে নিয়ে শুধু কটাক্ষই নয়, কুরুচিপূর্ণ শব্দও ব্যবহার করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়েছে। আমরা ভিডিওটি ক্লিপটি জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান বলেন, আমরা জেলা ও কেন্দ্রে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছি। এই বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।








