বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও শিশুদের হত্যাকে হেয়প্রতিপন্ন এবং ব্যঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। রোববার বিইউবিটি’র রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত একটি চিঠিতে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়েছে বিইউবিটি প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে, বিইউবিটি কর্মচারী আচরণবিধি/শৃঙ্খলাবিধি, বিশেষত বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্পৃক্ততার (যে কোনো রূপে) প্রতি শূন্য সহনশীলতা নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করার দায়ে আপনাকে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিইউবিটি’র চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে জিনাতের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় মিরপুরের রূপনগরে বিইউবিটি’র প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।