বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে ধাক্কা খেল ব্রাজিল। চোটের জন্য হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার লুকাস পাকেতা। জাপান ম্যাচে যে চোট পাকেতা পেয়েছিলেন সেটা বেশ গুরুতর। পরের ম্যাচে নরওয়ের বিপক্ষে তো বটে, সম্ভবত গোটা বিশ্বকাপেই তাকে পাওয়া যাবে না। জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে বিরতির আগে আগে বাঁ পায়ের পেশিতে চোট পান পাকেতা। তাকে দেখা যায় সতীর্থদের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি। মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তার বাঁ পায়ের উরুর পেছন দিকের পেশিতে চোট রয়েছে। ব্রাজিলের মেডিকেল টিম তার দিকে নজর রাখছে। ব্রাজিল এখনই বলছে না যে, পাকেতার বিশ্বকাপ শেষ। তবে যা খবর, তাতে ব্রাজিলের মিডফিল্ডারের আর এবারের টুর্নামেন্টে খেলার সম্ভাবনা কম। ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবো জানায়, পাকেতার বিশ্বকাপে আর খেলা হচ্ছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল তিনি হয়তো প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচটা খেলতে পারবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যতটা ভাবা হয়েছিল, চোট তার চেয়েও গুরুতর।








