ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ)। আগামী ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ২০২৬’, যেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণি থেকে এইচএসসি ও এ-লেভেলের শিক্ষার্থীরা অংশ নেবে।
বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের (এসএইচএসএস) ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেবে দেশের খ্যাত নামা স্কুল ও কলেজের অষ্টম শ্রেণি থেকে শুরু করে এইচএসসি বা এ-লেভেলের শিক্ষার্থীরা। বুদ্ধিভিত্তিক চর্চা আর জ্ঞানের লড়েইয়ে অংশ নেবে তারা। প্রশ্ন থাকবে ফুটবল বিশ্বকাপের প্রথম আসর থেকে চলমান বিশ্বকাপ পর্যন্ত নানা রকম রেকর্ড এবং স্মরণীয় মুহূর্ত নিয়ে।
এই উদ্যোগ প্রসঙ্গে এসএইচএসএস এর ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, এনএসইউতে শুধু ব্যবসায় প্রশাসন বা প্রকৌশল শিক্ষাই নয়, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও জ্ঞানচর্চাকে সমান গুরুত্ব দিয়ে বিভিন্ন মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ানো হয়। এখানে ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয় রয়েছে, পাশাপাশি নৃবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ শাখাও চালু আছে। আগামী ফল সেমিস্টার অর্থাৎ সেপ্টেম্বর ২০২৬ থেকে ইতিহাস ও সমাজবিজ্ঞানে স্বতন্ত্রভাবে স্নাতক ডিগ্রি প্রোগ্রামও চালু হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, এনএসইউতে সাংবাদিকতা, মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি চায়নিজ ও জাপানিজের মতো আধুনিক ভাষা শিক্ষার ব্যবস্থাও আছে। একই সঙ্গে আইনের মতো প্রয়োগভিত্তিক বিষয়েও শিক্ষার্থীরা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারে। এখানে ক্লাস রুমের পড়াশোনার পাশাপাশি ছাত্রদের বিভিন্ন দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিংয়ের জন্য একাধিক ক্লাব রয়েছে যারা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, বিতর্ক, স্বেচ্ছাসেবক কার্যক্রম, শিক্ষা সফর আয়োজন করে থাকে।
অনুষদের ডিন আরও বলেন, আমাদের এই উদ্যোগ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মেলবন্ধন স্থাপনের প্রয়াসের অংশ। বিশ্বকাপ ফুটবলকে শুধু টিভি স্ক্রিন কিংবা আড্ডার পরিবেশের মধ্যে আটকে না রেখে কীভাবে শিক্ষার্থীদের জ্ঞানগত উৎকর্ষতা বাড়ানো যায় সেই লক্ষ্যেও এই কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।”
আয়োজকদের ভাষ্য, কুইজে অংশ নিতে হলে দুইজন সদস্য নিয়ে দল গঠন করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন লিংক: www.quizshss.nsudeml.com। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা নিবন্ধন শুরু করেছে। সারাদেশের বাংলা/ইংরেজি মাধ্যম/মাদরাসার অষ্টম/সমতুল্য শ্রেণী থেকে দ্বাদশ/ সমতুল্য শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই আয়োজন।
আয়োজনের সমন্বয়ক ইতিহাস ও দর্শন বিভাগের প্রভাষক ইরতিফা জামান বলেন, ফুটবল বিশ্বকাপ ঘিরে তরুণদের আগ্রহকে ইতিবাচক ও বুদ্ধিবৃত্তিক একটি প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাসনীম ইমা বলেন, এই কুইজ প্রতিযোগিতা একদিকে যেমন শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করবে, অন্যদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা দেবে।
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার- চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ ৩০ হাজার এবং দ্বিতীয় রানার-আপ ২০ হাজার টাকা। আর সবার জন্য থাকবে অংশগ্রহণের সনদপত্র। তবে আয়োজকদের মতে, পুরস্কারের চেয়েও বড় বিষয় হলো দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের পরিবেশে শেখা ও নানা অভিজ্ঞতার সুযোগ।
এনএসইউ মিডিয়া, কমিউনিকেশন ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলামের মতে, এটাকে শুধু প্রতিযোগিতা হিসেবে না দেখে, অন্যভাবে ভাবতে হবে। আজকের দিনে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে এই আয়োজন স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য একটি মিলনমেলা। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়ে যেমন প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন করবে, তেমনি তৈরি হবে নতুন বন্ধুত্ব ও পারস্পরিক শেখার সুযোগ।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে যে আবেগ তৈরি হয়, তা নতুন কিছু নয়। কিন্তু সেই আবেগকে জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত করার এই প্রয়াস নিঃসন্দেহে অভিনব। মাঠের খেলা দেখার পাশাপাশি এবার তরুণেরা জ্ঞান ও তথ্যের লড়াইয়ে। অংশ নিতে হলে দ্রুত এই লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।
এনএইচআর/জেআইএম








