জাদুকর, রেকর্ডের বরপুত্র—লিওনেল মেসিকে বর্ণনা করার জন্য এসব শব্দও যেন কম পড়ে যায়। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে এক নজর দেখতে অপেক্ষায় থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী। যদি তাঁকে কাছ থেকে দেখা যায়, তাহলে সেটা তো স্বপ্নপূরণের চেয়ে কোনো অংশে কম না। এবার ৮ বছরের এক ছেলের সেই স্বপ্নপূরণ হচ্ছে বলে জানা গেছে।

ম্যানু লিটউই নামের ৮ বছর বয়সী এক ছেলে গত ২৪ জুন মেসির ৩৯তম জন্মদিনে একটি আবেগঘন চিঠি লিখেছিল। সেই চিঠি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আবেগঘন চিঠি লিখে এখন মেসির বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ দেখার সুযোগ মিলছে বলে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে। পরশু মায়ামির হার্ডরকে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ।

মেসিকে লেখা ম্যানুর সেই চিঠি ‘ও গ্লোবো’ গত রাতে প্রকাশ করেছে। আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ওল্গার ‘সিরি আ ইনক্রেডিবল’ নামক এক অনুষ্ঠানে ম্যানু মেসির উদ্দেশ্যে লেখা একটি বার্তা-সম্বলিত পোস্টার প্রদর্শন করে। দর্শকদের সামনে ম্যানু তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা লেখা চিঠিটি পড়ে শোনায়। পালের্মোর স্টুডিওর বাইরে বসে ম্যানু অনুষ্ঠানের মাইক্রোফোনে সে বলেছিল, ‘প্রিয় লিও, আমি তোমাকে একটি চিঠি লিখেছি। কারণ, আজ তোমার জন্মদিন। আশা করি চিঠিটি তোমার হাতে পৌঁছাবে। এই দিনটি চলে যাওয়ার আগে তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেললে একটি প্রতিষ্ঠান মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর আসে আরেকটি বড় চমক। উপস্থাপিকা পাউলা চাভেস এবার ম্যানুকে উদ্দেশ্য করে লেখা একটি নতুন চিঠি পড়ে শোনান। চিঠিতে লেখা রয়েছে, ‘আজ থেকে তুমি আর একা স্বপ্ন দেখবে না। আমরা তোমার জীবনের পরবর্তী অধ্যায় লিখতে তোমার পাশে থাকতে চাই। আমাদের দলের পক্ষ থেকে তোমাকে এবং তোমার পুরো পরিবারকে আজই যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। এতে করে তুমি জীবনের প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন করতে পারো।’

আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে খেলা এই ছোট্ট ফুটবলারটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে ২০২৬ সালের বিশ্বকাপ উপভোগ করার আমন্ত্রণ পেয়েছে। এই অসাধারণ সুযোগটি এসেছে আর্জেন্টিনার একটি সুপরিচিত ব্র্যান্ডের উদ্যোগে, যারা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির বাণিজ্যিক অংশীদার। তারা ম্যানুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

ম্যানু মেসির জন্মদিনে শুধু তাঁর পারফরম্যান্সেরই নয়, এমনকি আর্জেন্টাইন তারকার মানবিক গুণাবলিরও প্রশংসা করেছে। চিঠিতে সে লিখেছিল, ‘যখন তোমাকে খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। একেবারে সত্যিকারের জাদুর মতো। কিন্তু তোমার মধ্যে আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি, তা শুধু তোমার খেলা নয়। মানুষ হিসেবে তুমি কেমন, সেটা আমার ভালো লাগে। তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো। আর কঠিন সময়েও কখনো হাল ছেড়ে দাও না।’

আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবের হয়ে খেলা ম্যানু প্রতিযোগিতামূলক ফুটবলেও অনেক নামডাক করার ইচ্ছে পোষণ করেছে। মেসিকে প্রশংসায় ভাসিয়ে ৮ বছরের ছেলে লিখেছে, ‘আমিও আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবের হয়ে ফুটবল খেলি। আর একজন পেশাদার ফুটবলার হওয়াটাই জীবনের বড় স্বপ্ন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে আমি এটাই ভাবি। স্বপ্নেও তোমাকে কল্পনা করি। কারণ, তুমি প্রমাণ করে দিয়েছ যে সবচেয়ে কঠিন স্বপ্নও একদিন সত্যি হতে পারে।’

আর্জেন্টিনার নকআউট পর্ব এখনো শুরু হয়নি। পরশু মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-কেপ ভার্দে শেষ বত্রিশের ম্যাচ। মেসির ঘরের মাঠ হার্ডরকে হতে যাওয়া ম্যাচটিকে ঘিরে এখন সেখানে উৎসবের আমেজ। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ৬ গোল। যার মধ্যে আলজেরিয়ার বিপক্ষে করেন হ্যাটট্রিক। বিশ্বকাপ ইতিহাসে ১৯ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।