কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর আবার আলোচনায় এসেছে ঘানার সেই তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম। আর্জেন্টিনার ম্যাচের আগে বোনসাম বলেছিলেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে মেসির এই বিশ্বকাপের শেষ ম্যাচ।
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেবে,’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন দাবি করেছিলেন বোনসাম।
তিনি আরও বলেছিলেন, ‘আমার অলৌকিক শক্তি কেপ ভার্দের সঙ্গে থাকবে। আর্জেন্টিনা পরের পর্বে যেতে পারবে না।'
এতেই থেমে থাকেননি তিনি। তাঁর দাবি, বিশ্বকাপের ভাগ্য নাকি মাঠের খেলায় নয়, আগেই নির্ধারিত হয়ে গেছে। বোনসামের ভাষায়, ‘এই বিশ্বকাপ পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। তারাই শিরোপা জিতবে।'
তবে ম্যাচের আগেই সুর বদলে ফেলেন এই তান্ত্রিক। শুক্রবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচের আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি, নানা কওয়াকু বোনসাম, তোমাকে অনেক ভালোবাসি, আমার ভাই মেসি।'
তিনি আরও লেখেন, ‘সাম্প্রতিক সময়ে গুজব ছড়িয়েছে যে আমি নাকি বলেছি, আজকের ম্যাচে তোমাদের দল হারবে। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি তোমার এবং তোমার পুরো দলের একজন বড় ভক্ত।'
আর্জেন্টিনা ও মেসিকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, ‘কোফি ‘ওও’ কোফির শক্তি তোমার সঙ্গে থাকুক।'
এছাড়া পোস্টে তিনি নিজের অফিসিয়াল দুটো ফোন নম্বরও শেয়ার করেন এবং যেকোনো ধরণের প্রতারণা থেকে সাবধান থাকতে বলেন।
এছাড়া তার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘প্রতারকদের থেকে সতর্ক থাকুন। তারা আমার ছবি, ভিডিও এবং আমার নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা করছে।'
আরএএইচইউএল/এসকেডি/এএসএম








