চট্টগ্রামের বোয়ালখালীতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মোহাম্মদ মোকতিয়ার (৪০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দিনগত রাতে উপজেলার কধুরখীলের আল-কুরআন একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোকতিয়ার নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার খাজা রোডের বোচন মিস্ত্রির বাড়ির মো. বখতিয়ারের ছেলে। তিনি একাডেমির মুতাফাররিকা বিভাগের হিসাব রক্ষক ও শিক্ষক।
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সোমবার মোকতিয়ারের বিরুদ্ধে শিশু আইন ২০১৩-এর ৭০ ধারার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন শিক্ষার্থীর বাবা মো. ফরিদুল আলম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তভার গ্রহণ করে অভিযুক্ত শিক্ষক মোকতিয়ারকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুলাই সকাল ৬টার দিকে শিক্ষক মোকতিয়ার খেলাধুলার অজুহাতে তাওসিফকে গালিগালাজ করেন। এর একপর্যায়ে বেত্রাঘাত, কিল, ঘুষি মেরে তাকে আহত করেন।
আহত অবস্থায় তাওসিফকে বিনা চিকিৎসায় সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দি করে রাখা হয়। ওইদিন আসরের নামাজের সময় সুযোগ পেয়ে বাড়িতে চলে আসে তাওসিফ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিক্ষার্থীকে বেশি মাত্রায় মারধর করায় এই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার (১৪ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
এমডিআইএইচ/বিএ








