পঞ্চগড়ের আটোয়ারীতে সাত কেজি ওজনের একটি কষ্টি পাথর জব্দ করেছে বিজিবি। এসময় দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০) নামের দুইজনকে আটক করা হয়।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে আটোয়ারীর বর্ষালুপাড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন।

এসময় তাদের কাছ থেকে একটি কষ্টি পাথরসহ দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। উদ্ধার মালামালের মূল্য প্রায় আট লাখ ৮৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, ‘আটক দুই ব্যক্তিকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সফিকুল আলম/এফএ/জেআইএম