ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছয় মাস বয়সি শিশু আনাসের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ইনজেকশন দেওয়ার সময় ভুল ওষুধ প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার রাত ১০টার দিকে পাইকপাড়ার দি মেঘনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত আনাস হবিগঞ্জের মাধবপুরের গিয়াস উদ্দিনের ছেলে।

শিশুটির বাবা গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে প্রায় সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু নার্স ভুল ইনজেকশন দেওয়ার কারণে সে মারা গেছে। ডাক্তার যে ইনজেকশন লিখেছিলেন, তার সঙ্গে অন্য একটি ইনজেকশন মিশিয়ে দেওয়া হয়েছে। ইনজেকশন দেওয়ার পরই ছেলের অবস্থা খারাপ হয়ে যায়। তার মৃত্যুর পর হাসপাতালের অনেক লোকজন সরে যায়। এখন তারা বলছে এটা নার্সের দোষ। কিন্তু এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না।’ অভিযোগের বিষয়ে হাসপাতালের এমডি বাছির মিয়া বলেন, ‘শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। মৃত্যুর খবর পাওয়ার পর আমি হাসপাতালে এসেছি। অভিযুক্ত নার্সকে ডেকে আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির জানান, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।