বেড়ায় লেবু ব্যবসায়ী আব্দুর রহিম খানকে (৬৭) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার লাশ আম বাগানে গাছে ঝুলিয়ে রাখে খুনিরা। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের সন্তানরা এমন অভিযোগ করেন। সোমবার সকালে আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের আম বাগান থেকে আব্দুর রহিম খানের লাশ উদ্ধার করা হয়। রহিম খান বেড়ার টাংবাড়ি গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে রুমি খাতুন লিখিত বক্তব্যে এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, তার বাবার বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচা আব্দুল করিম খানের সঙ্গে বিরোধ চলছিল। এই জমি দখলের জন্য বারবার তার বাবার ওপর নানাভাবে অত্যাচার করেন আব্দুর করিম খান ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ একটি আম বাগানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে খুনিরা। এ ঘটনায় মেয়ে রুমি খাতুন থানায় মামলা করেন। এ সময় পিতার হত্যার বর্ণনা দেওয়ার সময় নিহতের ৩ সন্তান কান্নায় ভেঙে পড়েন।