জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফেনী সরকারি কলেজে আয়োজিত এক আলোচনা সভার ব্যানারকে কেন্দ্র করে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যানারে আন্দোলনের অন্যতম প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের তীব্র আপত্তির মুখে পড়ে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে চাপের মুখে আগের ব্যানারটি সরিয়ে শহীদ ওয়াসিমের ছবি সংযুক্ত করে নতুন ব্যানার টানাতে বাধ্য হয় প্রশাসন।

আরও পড়ুন

ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় ফারুকীর দুঃখপ্রকাশ

বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহম্মদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কলেজের সাধারণ শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ব্যানারে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় ফেনী কলেজে উত্তেজনা

কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ফরিদ উদ্দিন ভূঁইয়া।

আরও পড়ুন

চট্টগ্রামে শহীদ ওয়াসিমের নামে পার্কের নামকরণ

অনুষ্ঠান শুরুর পর মঞ্চের মূল ব্যানারে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না দেখে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা মঞ্চে উঠে এ নিয়ে তীব্র আপত্তি জানান ও অনুষ্ঠান বন্ধের দাবি তোলেন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি করে আগের ব্যানারটি নামিয়ে ফেলে। পরে শহীদ ওয়াসিমের ছবি যুক্ত করে নতুন একটি ব্যানার প্রিন্ট করে এনে অনুষ্ঠান পুনরায় শুরু করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানার সংশোধনের সিদ্ধান্তের পর অনুষ্ঠানস্থলে উপস্থিত ছাত্রশিবিরের নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

পরীক্ষার ফল বেরিয়েছে শহীদ ওয়াসিমের, প্রথম বিভাগে উত্তীর্ণ

নাম প্রকাশ না করার শর্তে কলেজের স্নাতক শ্রেণির এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‌‘শিক্ষকদের সামনে সামান্য ব্যানার নিয়ে ছাত্রসংগঠনের এমন আচরণ আমাদের বিস্মিত করেছে। তাছাড়া জুলাই আন্দোলনে ফেনী জেলারই ১১ জন শহীদ হয়েছেন। অথচ ব্যানারে মাত্র দুজনের ছবি ছিল। স্থানীয় শহীদদের উপেক্ষা করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের ছবির জন্য এভাবে শিক্ষকদের চাপ দেওয়া কতটুকু যৌক্তিক?’

ব্যানারে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় ফেনী কলেজে উত্তেজনা

এ বিষয়ে ফেনী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘২০২৪ সালের ১৬ জুলাইয়ের আন্দোলনের দ্বিতীয় শহীদ ছিলেন ওয়াসিম আকরাম। অথচ স্মরণসভার ব্যানারে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ফেনী কলেজের শহীদ মাসুদ ও শ্রাবণের ছবি থাকলেও ওয়াসিমের ছবি রাখা হয়নি। কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা প্রথমে ছবি খুঁজে না পাওয়া এবং পরে সময় স্বল্পতার অজুহাত দেখায়। আমাদের যৌক্তিক প্রতিবাদের পর তারা ভুল স্বীকার করেন। ওয়াসিমের ছবিসহ নতুন ব্যানার যুক্ত করা হয়।’

জানতে চাইলে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পর দ্রুত ব্যানারটি সংশোধন করে ওয়াসিমের ছবি যুক্ত করা হয় এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ওয়াসিমের ছবিটি ব্যানারে বাদ পড়াটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল।’

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম