নোয়াখালীর বেগমগঞ্জে চলন্ত জিপ গাড়ি থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮) নামে দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বেগমগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুরের রূপসা শপিং কমপ্লেক্সের সামনে থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এসময় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ একটি জিপ গাড়ি জব্দ করা হয়।

গ্রেফতার মো. পারভেজ কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইটমনি হেতালিয়া পাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আহমদ সিকদারের ছেলে এবং মো. বিপ্লব একই গ্রামের মৃত শেখ চাঁনের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালায় পুলিশ। এসময় আসামিদের ব্যবহৃত একটি কালো রঙের জিপ গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সুপার, ইয়াবাগুলো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে রাখা ছিল। গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে নোয়াখালী ইয়াবার চালান নিয়ে আসে।

পুলিশ জানায়, গ্রেফতার মো. পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য দুই কোটি ৪১ লাখ ৮০০০ টাকা। আসামিদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/জেআইএম