ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জামালপুর রেলওয়ে স্টেশনে প্রায় আড়াই ঘণ্টা আটকে ছিল ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটির সঙ্গে সংযুক্ত করা হলে এটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

আরও পড়ুন

ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া-মোহনগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

এর আগে বিকেল ৪টা ৫ মিনিটে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। যাত্রীদের ওঠানামা শেষে ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিলে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেন স্টেশনেই আটকে পড়ে।

জামালপুর রেলওয়ে সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস জামালপুর স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়। সেটি সংযুক্ত করার পর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম