বিছানার চাদরে সামান্য ধুলা, ঘাম বা ছোটখাটো দাগ লাগলেই অনেকেই তা খুলে ধোয়ার জন্য পাঠিয়ে দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিবার সামান্য ময়লা হলেই চাদর ধুতে হয় না। বরং অতিরিক্ত ধোয়ার কারণে কাপড়ের তন্তু দ্রুত নষ্ট হয়, রং ফিকে হয়ে যায় এবং চাদরের স্থায়িত্বও কমে যায়। কিছু সহজ অভ্যাস গড়ে তুললে বারবার না ধুয়েও বিছানার চাদর দীর্ঘদিন পরিষ্কার ও নতুনের মতো রাখা সম্ভব।
দাগ লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করা
চা, কফি, জুস বা খাবারের দাগ লাগলে পুরো চাদর ধোয়ার প্রয়োজন নেই। দাগ শুকিয়ে যাওয়ার আগেই একটি ভালো মানের স্পট ক্লিনার বা হালকা সাবান মিশ্রিত পানি দিয়ে শুধু দাগের জায়গাটি পরিষ্কার করুন। এতে দাগ কাপড়ে স্থায়ীভাবে বসে যাওয়ার সুযোগ পাবে না এবং পুরো চাদরও অযথা ধোয়া লাগবে না।
ছোট দাগ লাগলেই সেখানে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন
চাদর একাধিকবার ঘুরিয়ে ব্যবহার করা
একই চাদর টানা ব্যবহার করলে কাপড়ের তন্তু দ্রুত দুর্বল হয়ে যায়। তাই অন্তত দুই থেকে তিন সেট বিছানার চাদর রাখুন এবং পালাক্রমে ব্যবহার করুন। এতে প্রতিটি চাদরের ওপর চাপ কম পড়ে এবং সেগুলো অনেক দিন ভালো থাকে।
ফ্ল্যাট শিট ব্যবহার করা
যদি আপনি কাঁথা বা ডুভে ব্যবহার করেন, তাহলে শরীর ও কাঁথার মাঝখানে একটি পাতলা ফ্ল্যাট শিট বিছিয়ে নিন। এতে শরীরের ঘাম, ত্বকের তেল ও ধুলা সরাসরি কাঁথা বা ডুভের কভারে লাগবে না। ফলে সেগুলোও ঘন ঘন ধোয়ার প্রয়োজন হবে না।
পোষা প্রাণীর জন্য আলাদা চাদর রাখুন
বাড়িতে কুকুর বা বিড়াল থাকলে অনেক সময় তাদের লোম, ধুলাবালি বা মাটি বিছানায় ছড়িয়ে পড়ে। যদি তারা আপনার সঙ্গে বিছানায় ঘুমায়, তাহলে তাদের জন্য আলাদা একটি ছোট কম্বল বা পাতলা চাদর বিছিয়ে দিন। এতে মূল বিছানার চাদর অনেকটাই পরিষ্কার থাকবে।
পোষা প্রাণীর জন্য আলাদা কম্বল ব্যবহার করলে মূল চাদর কম নোংরা হয়
বালিশের কভার নিয়মিত বদলানো
বিছানার চাদরের তুলনায় বালিশের কভার অনেক দ্রুত নোংরা হয়। কারণ সারা রাত মুখের তেল, ঘাম, চুলের ময়লা ও ত্বকের মৃত কোষ এতে জমা হয়। তাই চাদর যতদিনই ব্যবহার করুন না কেন, বালিশের কভার সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার বদলানো ভালো।
ঘরে বাতাস চলাচল নিশ্চিত করা
প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য জানালা খুলে দিন, যাতে ঘরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে। এতে বিছানার চাদরে জমে থাকা আর্দ্রতা ও গুমোট গন্ধ দূর হয়। চাইলে হালকা সুগন্ধিযুক্ত ফ্যাব্রিক ফ্রেশনারও ব্যবহার করতে পারেন। এতে চাদর আরও সতেজ অনুভূত হবে।
আরও পড়ুন
রান্নাঘরের নন-স্টিক পাত্র কখন পরিবর্তন করবেন
পুরোনো চাদর বদলে ফেলা
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ব্যবহারের বিছানার চাদর সাধারণত দুই বছর পর বদলে ফেলা উচিত। কারণ দীর্ঘদিন ব্যবহারে কাপড়ের তন্তু ক্ষয় হতে থাকে এবং তা আগের মতো পরিষ্কারও রাখা যায় না। তবে অতিথিদের জন্য সংরক্ষিত বা কম ব্যবহৃত চাদর সঠিকভাবে যত্ন নিলে আরও অনেক বছর ব্যবহার করা সম্ভব।
আরও পড়ুন
আর্দ্র আবহাওয়ায় বইয়ের যত্ন নেবেন যেভাবে
বিছানার চাদর পরিষ্কার রাখার জন্য সবসময় বারবার ধোয়ার প্রয়োজন হয় না। বরং সঠিক ব্যবহার, নিয়মিত পরিচর্যা এবং ছোট কিছু অভ্যাস বদল করলেই চাদর দীর্ঘদিন সুন্দর, পরিষ্কার ও আরামদায়ক রাখা সম্ভব।
সূত্র: দ্য স্প্রুস, ইন্ডিয়া শো ও অন্যান্য
এসএকেওয়াই








