আর্জেন্টিনা চলতি বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে। তবে কেপ ভার্দের বিপক্ষে নকআউটে প্রথম ম্যাচে নামার আগেই দুঃসংবাদ পেলো লিওনেল মেসির দল।

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর আবারও র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল ফ্রান্স। মঙ্গলবার বিশ্বকাপের নকআউট রাউন্ডে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর মেসির আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করেছে তারা।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এই জয়ে ফিফার রেটিং পদ্ধতিতে ৯.৪ পয়েন্ট অর্জন করে মোট ১৯১৬.২৪ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট ১৯০৭.৪০, ফলে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে।

এদিকে বিশ্বকাপ শুরু করার সময় ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিল বর্তমানে উঠে এসেছে পঞ্চম স্থানে। ২০২৬ সালের মার্চ থেকে ম্যাচ চলাকালীন গোল হওয়ার সঙ্গে সঙ্গেই এই র‍্যাংকিং রিয়েল-টাইমে হালনাগাদ হচ্ছে।

এখন একটি চমকপ্রদ তথ্য হলো, ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি কখনো। সেই হিসেবে আর্জেন্টিনার শীর্ষস্থান থেকে ছিটকে পড়া তাদের জন্য অভিশাপের বদলে আশীর্বাদই হতে পারে।

অন্যদিকে ফ্রান্স বিশ্বকাপ চলা অবস্থায় শীর্ষে উঠার পর নিশ্চয়ই ওই পরিসংখ্যান নিয়ে কিছুটা দুশ্চিন্তায়ই পড়ে যাবে!

এমএমআর