রাজধানীর উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনের আশপাশে গড়ে ওঠা অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। এ সময় আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখল না করা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সচেতন করা হয়।

ডিএমটিসিএল বলছে, অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলো দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।