চট্টগ্রামে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৬ জন, যা চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর ৬৪ শতাংশের বেশি। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিন জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী ও সাত জন শিশু। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, যার মধ্যে পুরুষ ৪৮০, নারী ২১৬ এবং ১৩৮ জন শিশু রয়েছে। অপরদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে একজন পুরুষ ও জুলাই মাসে দুজন নারীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘মৌসুম অনুযায়ী এখন ডেঙ্গুর বংশ বিস্তারের সময়। এ কারণে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত বেশি হয়েছে। এজন্য সচেতনতার বিকল্প নেই।’







