চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দী অবস্থায় প্রায় দেড় হাজার গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ গুলি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী গুলিগুলো উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা গুলির মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২০০ টির বেশি ছোট আকারের গুলি রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।