চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আট বছর বয়সী শিশু জান্নাতুল নাঈম ইরাকে ধর্ষণের চেষ্টার পর হত্যা মামলায় একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সারওয়ার হোসেন বাবলু জানান, আদালত হত্যার অপরাধে বাবু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নিহত ইরা সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার টমটমচালক মনিরুল ইসলামের কন্যা। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
মামলার তথ্য অনুযায়ী, গত ১ মার্চ চকলেট কেনার প্রলোভন দেখিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় নিয়ে শিশু ইরাকে ধর্ষণের চেষ্টা করে বাবু শেখ। পরে পরিচয় ফাঁসের আশঙ্কায় ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ইরার মৃত্যু হয়।
তদন্ত শেষে পুলিশ গত ১৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।








