কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তের শূন্যরেখায় রোকেয়া বেগম নামের এক নারীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথদিঘি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন। রোকেয়া বেগম (৬০) জগন্নাথদিঘির গুচ্চগ্রামের আলী এরশাদের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বিএসএফ সদস্যরাও সেখানে ছুটে আসেন। তবে ওই নারীর লাশ বাংলাদেশ অংশে পড়ে ছিল। পরে বিজিবির সহায়তায় চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, রোকেয়া বেগম একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন এলাকায় তিনি ভবঘুরের মতো চলাফেরা করছিলেন। মঙ্গলবার রাতে শূন্যরেখায় তার লাশ পাওয়া যায়। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বিজিবি জগন্নাথদিঘি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোরশেদ ও চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন জানান, ১৪১৩নং সীমান্ত পিলারের কাছে লাশটি পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য সেটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে।