রংপুরের গঙ্গাচড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু (নিহত ব্যক্তির নাতি) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) এবং তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। আহত শিশুর নাম বন্ধন চন্দ্র রায়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নির্মল চন্দ্র রায় তার ছেলে ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে তুলশীহাটে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। মন্থনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায় মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র ও তার নাতিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক নির্মল চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরাধ
গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

শেয়ার করুন







