গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক অটোরিকশা চালককে মারধরে বাধা দিতে গিয়ে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে এরশাদ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। আটক এরশাদ মিয়া সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে এরশাদ মিয়াসহ দুই-তিনজন ব্যক্তি ওই অটোরিকশার চালককে মারধর শুরু করেন। জহুরুল প্রধান এতে বাধা দিলে এরশাদ তার বুকে সজোরে ঘুষি মারেন। এতে জহুরুল অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।