গাজীপুরের জয়দেবপুরে চেতনানাশক পদার্থ মিশ্রিত দই খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার একটি রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত মো. রাশিদুল পালোয়ানকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশিদুল জয়দেবপুর থানার আরগড়িয়া এলাকার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই মাইকেল বনিক জানান, মো. রাশিদুল পালোয়ান এবং অভি কুমার দাসের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর ছেলের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই পরিচয়কে কাজে লাগিয়ে গত ৭ জুলাই রাতে অভিযুক্তদের একজন তাদের বাড়িতে দই পাঠান। ওই দইয়ের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছিল। দই খাওয়ার পর মা ও তার কিশোরী মেয়ে অচেতন হয়ে পড়েন।
এজাহার অনুযায়ী, মধ্যরাতে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণচেষ্টা করে। কিশোরীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় মা ও মেয়েকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।








