রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার মন্তব্য করেছেন, “সকল ক্যাম্পাসে ছাত্রসংসদের নেতৃত্বে ছাত্রদল থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ বিএনপির আমলেই বন্ধ হয়েছিল।” ছাত্রসংসদ নির্বাচন আবার হবে কি না—এমন প্রশ্ন তুলে তিনি অতীতের বিভিন্ন নির্বাচনের তথ্যও তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে আম্মার লিখেন, “ছাত্রসংসদগুলোর মেয়াদ প্রায় শেষের দিকে। এখন সবার মনে প্রশ্ন হলো ছাত্রসংসদ নির্বাচন কি আবার হবে? আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেই। রাকসু এবারের আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ভিপি পেয়েছিল ছাত্রদল থেকে রুহুল কবির রিজভী। ১৯৯১-৯৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় এসেও রাকসু আর দেয়নি।”

তিনি লিখেন, “জাকসু নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৯১ সালে। এখানে ভিপি, জিএস দুইটাই পেয়েছিল ছাত্রদল। বিএনপি তখন রানিং ক্ষমতায় থাকার পরেও জাকসু আর দেয়নি। ডাকসু নির্বাচন ২০১৯ সালে হলেও দীর্ঘদিন বন্ধ ছিল কারণ বন্ধ করেছিল বিএনপি সরকার। সেটাও ১৯৯০ সালের সর্বশেষ ডাকসুর পর বন্ধ করে দেয়। ডাকসুতে ভিপি, জিএস, এজিএস তিনটি পদই পেয়েছিল ছাত্রদল সেবার।”

আম্মারের ভাষ্য, “চাকসু নির্বাচনও সর্বশেষ হয়েছিল ১৯৯০ সালে। সেখানে এজিএস পেয়েছিল ছাত্রদল। তারপর আর চালু করেনি চাকসু। সকল ক্যাম্পাস সংসদে ছাত্রদলের পর্যাপ্ত নেতৃত্ব থাকলেও কোন ভয়ে যেন ছাত্রসংসদ বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল বিএনপির আমলেই। এই সকল সমীকরণ উপেক্ষা করে তারেক রহমান ছাত্রসংসদগুলো যদি চালু রাখে তাহলে সেটা হবে অ্যাকচুয়াল প্ল্যান আর যদি আগের আচরণই থাকে তাহলে 'উই হ্যাভ এ প্লান ফর ইউ টু ফ্লাই'।”