সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) দুপুরে শহরের এস বি ফজলুল হক রোড রেলগেইট এলাকার স্টার স্পেশালাইজড হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আশিকের স্ত্রী জুবাইদা আক্তারের শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে প্রসববেদনা শুরু হলে তাকে স্টার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তবে সে সময় সেখানে কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না।

স্বজনদের দাবি, বারবার ফোনে যোগাযোগ করেও চিকিৎসককে হাসপাতালে আনা সম্ভব হয়নি।

তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা ও গর্ভের সন্তান সুস্থ আছেন এবং পরদিন সকালে সিজারিয়ান অপারেশন করা হবে। এ কারণে প্রসূতিকে স্যালাইন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও নির্ধারিত সময়ে অস্ত্রোপচার করা হয়নি। এতে প্রসূতির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

পরে পূর্বনির্ধারিত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরিবর্তে জেনারেল সার্জন ও সনোলজিস্ট ডা. আব্দুল আজিজ অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর নবজাতকের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

নিহত নবজাতকের বাবা আশিক বলেন, আমার স্ত্রীর প্রচণ্ড প্রসববেদনা উঠলে হাসপাতালে ভর্তি করি। কিন্তু সময়মতো চিকিৎসক না আসায় সিজার করা হয়নি। এ কারণেই আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে স্টার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপক বিপ্লব শেখ বলেন, শিফট পরিবর্তন হওয়ায় বিষয়টির বিস্তারিত আমার জানা নেই। তবে নবজাতকের মৃত্যুর খবর পেয়েছি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, ওই হাসপাতালে শিশু মৃত্যুর বিষয়টি তিনি অবগত নন। তাছাড়া চিকিৎসক বা চিকিৎসা অবহেলার বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/কেএইচকে/জেআইএম