পাঁচ দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সফরকালে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৭ জুন) দেশে ফেরেন উপাচার্য। এর আগে ২৬ জুন (শুক্রবার) ইউনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই।

চুক্তি অনুযায়ী, ইউনান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের স্নাতক শিক্ষার্থীদের বাংলা ভাষায় শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা উন্নয়নে সহযোগিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে স্নাতক পর্যায়ে বাংলা ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম যৌথভাবে পরিচালনা করবে দুই বিশ্ববিদ্যালয়।

এছাড়া, ইউনান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা প্রোগ্রামের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হবে। চুক্তির আওতায় ইউনান বিশ্ববিদ্যালয় তৃতীয় শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে তাদের শিক্ষার্থীদের এক সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পাঠাবে। এসব শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ও পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সফলভাবে কোর্স শেষ করলে তাদের সমাপনী সনদপত্রও দেবে বিশ্ববিদ্যালয়টি।

সফরকালে উপাচার্য ইউনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচিতে অংশ নেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তৃতায় তিনি বলেন, “শতাব্দীর পর শতাব্দীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের ভিত্তিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক গড়ে উঠেছে, যা পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষা দুই দেশের জনগণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। এটি শুধু জ্ঞান বিনিময়ের বিষয় নয়; বরং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাসী নতুন প্রজন্ম তৈরি করার অন্যতম মাধ্যম। ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচি এই চেতনাকে বাস্তবে রূপ দেয় এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শেখা, মতবিনিময় ও যৌথ বিকাশের নতুন সুযোগ সৃষ্টি করে।”

সফরের অংশ হিসেবে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। এ সময় তিনি ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে ভবিষ্যতে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।