জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী প্রতিনিধি (সিনেটর) হিসেবে যোগ দিয়েছেন মো. আবু তালহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জাকসুর কার্যকরী সদস্য।
শনিবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে তিনি অংশ নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি থাকার বিধান রয়েছে। ভিপি-জিএসের ছাত্রত্ব না থাকায় জাকসু মনোনীত সিনেট সদস্যের দুটি পদ খালি হয়। ওই বিধান অনুযায়ী আজ (রোববার) দুপুরে জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে নতুন দুজন শিক্ষার্থী প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হয়।
জানা গেছে, নতুন দুজনসহ ৫ জনের মধ্যে বয়স ও ব্যাচ—উভয় দিক থেকেই সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসেবে সিনেটে যোগ দেন মো. আবু তালহা।
এ বিষয়ে আবু তালহা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। শিক্ষার্থীদের স্বার্থ, অধিকার ও যৌক্তিক দাবিগুলো সিনেটে যথাযথভাবে তুলে ধরতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের মতামত যেন গুরুত্ব পায়, সে লক্ষ্যেই দায়িত্ব পালন করতে চাই।’
এবারের সিনেট অধিবেশনে অংশ নেওয়া অপর চার শিক্ষার্থী প্রতিনিধি হলেন জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর এবং সমাজসেবা সম্পাদক আহসান লাবীব।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন আবু তালহা।
মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/এমএস








