বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমিরেটাস পদে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর নিয়োগ বাতিলের সিদ্ধান্তে বিভিন্ন মহলে আলোচনার প্রেক্ষাপটে এ বিষয়ে ব্যাখা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ নিয়োগ পাওয়ার পর গত প্রায় দুই বছর নিয়মিত কর্মস্থলে উপস্থিত হননি, শিক্ষাদান বা গবেষণামূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন না। তবে তিনি নিয়মিতভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। এ ছাড়া সংশোধিত সুবিধা চালুর আগে অর্থ কমিটির সুপারিশ, আর্থিক বিশ্লেষণ বা পর্যালোচনার কোনো নথি পাওয়া যায়নি। এসব বিষয় পর্যালোচনা করে ১৩ জুন সিন্ডিকেট সভায় ২০২৪ সালের ২৪ জুনের আজীবন প্রফেসর ইমিরেটাস নিয়োগকে বিধিবহির্ভূত হিসাবে বিবেচনা করা হয় এবং তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বলেছে, কোনো নিয়োগ পরবর্তীতে আইনগত বা প্রক্রিয়াগত ত্রুটির কারণে বাতিল হলে ওই নিয়োগের ভিত্তিতে প্রাপ্ত আর্থিক সুবিধা পুনরুদ্ধারের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে কারণেই অধ্যাপক আব্দুল্লাহকে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।