ঐতিহ্যবাহী ডাক বিভাগ এখন ডিজিটাল ছোঁয়ায় দেশের দ্রুততম ও সাশ্রয়ী কুরিয়ারসেবা ‘স্পিড পোস্ট’ চালু করেছে। মাত্র ১০ টাকায় পাঠানো যাচ্ছে ১ কেজি পণ্য। আর ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে যাচ্ছে ঢাকায়।ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত হয়েছে। দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা ও ই-কমার্স ব্যবসায়ীদের দ্রুত ও নিরাপদ কুরিয়ারসুবিধা দিতে চালু করা হয়েছে বিশেষায়িত পার্সেল পরিবহন সেবা ‘স্পিড পোস্ট’।‘আজ বুকিং, আগামীকাল ঢাকা, ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকারি এই প্রতিষ্ঠানটি এখন দেশের দ্রুততম ও সবচেয়ে সাশ্রয়ী কুরিয়ারসেবার নিশ্চয়তা দিচ্ছে।স্পিড পোস্টের সবচেয়ে বড় আকর্ষণ এর অবিশ্বাস্য রকমের কম ডাকমাশুল। প্রথম ১ কেজি পণ্য পরিবহনের খরচ মাত্র ১০ টাকা। পরবর্তী প্রতি কেজিতে ধরা হয়েছে ৫ টাকা করে।বাজারে থাকা যেকোনো বেসরকারি কুরিয়ার সার্ভিসের তুলনায় এই খরচ কয়েক গুণ সাশ্রয়ী। বিশেষ করে প্রান্তিক ও নারী ই-কমার্স উদ্যোক্তাদের জন্য এটি বড় সুবিধা বয়ে আনবে।স্পিড পোস্টের আরেকটি আধুনিক বৈশিষ্ট্য হলো ডিজিটাল ট্র্যাকিং। বুকিং করার পর গ্রাহকেরা ঘরে বসেই অনলাইনে জানতে পারবেন- পার্সেলটি কোন অবস্থানে রয়েছে। ডাক বিভাগের অফিশিয়াল ট্র্যাকিং লিংকে ২৪ ঘণ্টা হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।পার্সেল পাঠানোর আগে খরচ হিসাব করতেও সুবিধা রয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ‘ডাকমাশুল ক্যালকুলেটর’ ব্যবহার করে সহজেই মাশুল হিসাব করা যায়। গ্রাহকদের জন্য বুকিং প্রক্রিয়াও অত্যন্ত সহজ। কাছের নির্ধারিত ডাকঘরে পণ্য নিয়ে গেলেই হবে।ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ২৪ ঘণ্টা। আর ঢাকার বাইরে পণ্য পৌঁছাতে সময় লাগবে ৪৮ ঘণ্টা।ঢাকার গুরুত্বপূর্ণ ২১টি সাব-পোস্ট অফিস থেকে সরাসরি ডেলিভারি গ্রহণ ও প্রদান করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, ওয়ারীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো।একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে ১১টি ফ্রাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পাইলটভিত্তিতে চালু করা হচ্ছে। ই-কমার্স খাতের লজিস্টিকস সাপোর্টের জন্য সারা দেশে ১৪টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে। যা বাংলাদেশের লজিস্টিকস ও পার্সেল সরবরাহ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলছে ডাক বিভাগ।দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘরের নেটওয়ার্কের কারণে যেকোনো প্রত্যন্ত অঞ্চল থেকেও সহজেই পণ্য বুকিং ও বিতরণ সম্ভব হচ্ছে।স্পিড পোস্ট ও অন্যান্য সেবার যেকোনো জরুরি জিজ্ঞাসা, অভিযোগ বা বুকিংয়ের তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে। ডাক অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৩৩৫১২৪৪৫৮ নম্বরে। মেট্রোপলিটন সার্কেল, ঢাকার সঙ্গে যোগাযোগের নম্বর ০১৭১১৯৪৫১৭৬। সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিটের অনুরোধ জানানো হয়েছে।
রাজনীতি
ডাকে চালু ‘স্পিড পোস্ট’, ১ কেজি পার্সেল ১০ টাকায়

শেয়ার করুন







