জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
লর্ডসে আজ দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশ ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টেনে গিয়েছিল। তবু লাভ হয়নি। দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরে সেমির দৌড় থেকে ছিটকে গেল জ্যোতির দল। বাংলাদেশ বাদ পড়লেও শেষ চারে ওঠার সম্ভাবনা জোরালো করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলের দুইয়ে।
অস্ট্রেলিয়ার পয়েন্ট আট হলেও নেট রানরেটের কারণে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +৪.৭২৪ ও +০.৬৩৩। তিন, চার, পাঁচ ও ছয়ে থাকা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডসের পয়েন্ট ৬, ৪, ২ ও ০। যার মধ্যে ভারতের নেট রানরেট +২.২৬৮। যদি তারা জেতে, তাহলে নেট রানরেটের হিসেবে সেমিতে উঠে যাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লর্ডসেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ।
১১৮ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার লরা ভলভার্টকে বোল্ড করেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। ০ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাজমিন ব্রিটস ও অ্যানেরি ড্রেকসেন। দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৫২ রানের জুটি গড়েন তাঁরা (ব্রিটস-ড্রেকসেন)। সেখান থেকেই নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে সাময়িক সময়ের জন্য ম্যাচে ফেরে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা মুহূর্তেই ১৪.১ ওভারে ৪ উইকেটে ৮৭ রানে পরিণত হয়। যার মধ্যে ব্রিটসকে (২০) নবম ওভারের পঞ্চম বলে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা।
নিজের দ্বিতীয় উইকেট নাহিদা নিয়েছেন ১৫তম ওভারের প্রথম শেষ বলে। উইকেটে থিতু হয়ে যাওয়া ড্রেকসেনকে ফেরান বাংলাদেশের বাঁহাতি স্পিনার। ৪৫ বলে ২ চারে ৪৫ রান করেন ড্রেকসেন। মাঝে দশম ওভারের শেষ বলে ডেন ফন নাইকার্ককে (৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সানজিদা আক্তার মেঘলা।
এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা এক ওভারে ৫ রানের সমীকরণের সামনে এসে পড়ে। হাতে তখন ৪ উইকেট। ২০তম ওভারের শেষ বলে মারুফাকে চার মেরে ‘স্কোর লেভেল’ করেন ক্লো ট্রাইওন। তবে ট্রাইওনের এই বাউন্ডারি এসেছে ব্যাটের কানায় লেগে। পরের বলেও মিসটাইমিং হয়ে যায় ট্রাইওনের। এবার তিনি বেঁচে গিয়েছেন ও ১ রান নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
দক্ষিণ আফ্রিকার ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মারিজান কাপ। ২১ বলে করেন ১৬ রান। বোলিংয়ে ৪ ওভারে ৯ রানে নিয়েছেন ১ উইকেট।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই হারায় উইকেট। মারিজান কাপের বলে বোল্ড হয়ে যান জুয়াইরিয়া ফেরদৌস। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক জ্যোতি ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন। তবে সতীর্থদের কাছ থেকে তেমন সাপোর্ট পাননি। সোবহানা মোস্তারি ৪২ রান করলেও খেলেছেন ৪৮ বল। বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১১৭ রান। দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা নিয়েছেন ২ উইকেট।








