ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। দীর্ঘদিনের দাবির পর এ সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে গফরগাঁও উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব ইউনিয়ন নিয়ে ২০১২ সালে দত্তের বাজার ইউনিয়নের পাগলা বাজারে পাগলা থানা প্রতিষ্ঠা করা হয়। উপজেলা সদর থেকে এসব ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় প্রশাসনিক সেবা সহজলভ্য করা এবং জনদুর্ভোগ কমাতে দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

জানা গেছে, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান নির্বাচিত হওয়ার পর নতুন উপজেলা গঠনের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় গফরগাঁও উপজেলা প্রশাসন সম্ভাব্যতা যাচাই শেষে চলতি বছরের ২৯ এপ্রিল নতুন উপজেলা গঠনের প্রস্তাব পাঠায়। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের দপ্তরের মাধ্যমে সেটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।

এর আগে গত ৩০ মার্চ প্রস্তাবিত ‘পাগলা’ উপজেলার নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আধা-সরকারি (ডিও) পত্র দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা যায়, নিকারের ১২১তম সভার কার্যসূচিতে পাগলা থানাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ছিল। তবে সভায় আলোচনা শেষে ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয় বিবেচনায় নতুন উপজেলার নাম ‘দক্ষিণ গফরগাঁও’ নির্ধারণ করে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঐতিহ্য রক্ষা করে নতুন উপজেলার নাম দক্ষিণ গফরগাঁও রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত এটি বাস্তবায়ন করা হবে।

হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম