ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে ৩০ হাজার এবং যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. ফরিদ খলিফা (৪৮) ও মো. মাসুদ মিয়া (৪১)। তবে রায় ঘোষণার সময় মাসুদ মিয়া পলাতক ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আবদুল মতিন (৪৫), তার বাবা আব্দুস ছাত্তার ওরফে ছন্দেন আলী (৬৮), মো. মোশারফ হোসেন (৫৮), মো. মোফাজ্জল হোসেন (৫৮), তার ভাই মো. তোফাজ্জল হোসেন (৪৮), মো. নজরুল মিয়া (৪৩), মো. মোকলেছুর রহমান (৫৩), মো. শাহজাহান আকন্দ (৪৮), তার ভাই মো. আতিকুল (৩৯) এবং পলাতক মো. সিদ্দিক মিয়া (৬৩)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট সকাল ১০টার দিকে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের বাসিন্দা ও ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) নিজ পৈত্রিক সম্পত্তি দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী লতিফা খাতুন ভালুকা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ অক্টোবর পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দলিল লেখককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুইজনের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে আমরা সন্তুষ্ট।

রায় ঘোষণার পর নিহতের ছেলে জাহিদ হাসান তালুকদার বলেন, বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর ন্যায়বিচার পেয়েছি। সাজা দ্রুত কার্যকর হোক সেটিই আমাদের প্রত্যাশা।

অন্যদিকে আসামিপক্ষের স্বজনরা রায়ের অসন্তোষ প্রকাশ করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আতিকুলের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে বলেন, প্রায় ১৩ বছর পর আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

হোসাইন সুলভ/এএইচ/জেআইএম