উত্তরাঞ্চলের প্রায় আড়াই লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার সরকারের বিশেষ উদ্যোগে ২২৫ কোটি টাকার কৃষিঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ জানিয়েছেন, সরকারের অর্থায়নে ২ লাখ ৩৯ হাজার ৪৮০টি কৃষক পরিবারের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার কৃষিঋণের আসল ও সুদ পরিশোধ করা হয়েছে। দেশের প্রথম বিশেষায়িত ব্যাংক হিসেবে রাকাব সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
জনসংযোগ কর্মকর্তা জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণধারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এ বিশেষ সুবিধা দেওয়া হয়। এর আওতায় রংপুর বিভাগের ১ লাখ ৮৮ হাজার ৮২৫টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার ঋণ এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৫৫টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের ঋণের দায় থেকে মুক্ত হওয়ায় কৃষকেরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। কৃষকদের কল্যাণে সরকারের এ বিশেষ উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে কার্যক্রম সম্পন্ন করেছে। ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পাশে থেকে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করেছে ব্যাংকটি।
নির্বাচনের আগে গত বছরের ২৯ জুন রাজশাহীতে এক জনসভায় বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পরে বিএনপি সরকার গঠন করলে ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিষয়টি অনুমোদন হয়।








