ডাসারে ক্রয়কৃত পৈতৃক জমিতে পাঁচতলা ভবন নির্মাণ কাজে বাধা প্রদান, ১২ লাখ টাকার নির্মাণ সামগ্রী বিনষ্ট এবং দফায় দফায় মামলা দিয়ে একটি পরিবারকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। ওই জমিতে নির্মাণ কাজ করতে গেলে গৃহবধূ ও তার পরিবারকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।? ?ভুক্তিভোগী মোর্শেদা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মোর্শেদা বেগম বরিশালের গৌরনদীর মেদাকুল গ্রামের মেহেদী হাসান কুদ্দুসের স্ত্রী। জানা যায়, ভুক্তভোগী মেহেদী হাসান কুদ্দুস ২০২৪ সালে উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় সুধির কুমার দাস ও রমেশ চন্দ্র দাসের কাছ থেকে ১০ শতাংশ এবং সাইফুল ইসলামের থেকে ৮৩ শতাংশসহ মোট ১০১ শতাংশ জমি ক্রয় করেন। মোর্শেদা বেগম জানান, তারা ওই জমিতে একটি পাঁচতলা ভবনের কাজ শুরু করলে স্থানীয় নূর জাহান বেগম, দেলোয়ার ব্যাপারী, জানে আলম, ইব্রাহিম, শাহ আলম এবং সাকিব ব্যাপারীসহ একদল কুচক্রী মহল বাধা প্রদান করে আসছে।
প্রতিপক্ষরা ৩ বছর ধরে জমিটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। ওসি সোলায়মান মাহমুদ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








