২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে তিন শিক্ষা বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ পরীক্ষার্থী। শনিবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।

জানা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। দেশের ১ হাজার ৬২০টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন। এদিন সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৭ পরীক্ষার্থী বহিষ্কার হন। বোর্ডভিত্তিক বহিষ্কারের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ১, কুমিল্লা শিক্ষা বোর্ডে ২, বরিশাল শিক্ষা বোর্ডে ২, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪ হাজার ৪৫৬, রাজশাহী বোর্ডে ২ হাজার ৮৪৬, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৯৫৬, যশোর বোর্ডে ২ হাজার ৩৬২, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৯০, সিলেট বোর্ডে ১ হাজার ২৭৬, বরিশাল বোর্ডে ১ হাজার ৪৬৭, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৫১ এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ জন অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার হন। এ পরীক্ষায় ৮৪ হাজার ২৯৩ জনের মধ্যে অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২, যা মোট পরীক্ষার্থীর ৬ দশমিক ১৭ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষায় বিভিন্ন অনিয়মের কারণে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ৮৫ হাজার ৭৪৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশে অবস্থিত ৮টি কেন্দ্রের পরীক্ষার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।