দেশে দিন দিন বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়ছে, এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ততই মাথাচাড়া দিচ্ছে। বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশালে বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
অন্যদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে ঢাকা ও খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থাকেই সবচেয়ে কার্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) ভাইস-চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধ, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে ডেঙ্গুর সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ কাজে ব্যক্তি, পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।




