টঙ্গীতে প্রতিপক্ষের হামলায় আহত গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আকাশ ও ইমরান হাসান অনিক নামের আরও দুজন। নিহত শিক্ষার্থীর নাম মঞ্জুরুল ইসলাম হাসিব। বৃহস্পতিবার ভোরে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় জোবায়ের হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সাড়ে আটটার দিকে টঙ্গী পাগাড় সালামের আটারকল এলাকায়। গ্রেফতার জোবায়ের পাগাড় এলাকার আয়াত আলীর ছেলে এবং নিহত হাসিব একই এলাকার তফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার রাতে পাগাড় আটারকলসংলগ্ন জামতলা রোড এলাকায় আকাশ, অনিক ও হাসিব প্রতিপক্ষ জোবায়ের হোসেনের লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে জোবায়ের ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আকাশ, অনিক ও হাসিবকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে হাসিবের অবস্থার অবনতি ঘটলে তাকে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসিবের মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবায়ের হোসেন নামে একজনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।