সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় আগামী মঙ্গলবার। ইতোমধ্যে বাদী-আসামি উভয়পক্ষের শুনানি শেষ করেছেন আদালত। শুনানি শেষে আদালতের বিচারক স্বপন কুমার সরকার রায়ের এই তারিখ ধার্য করেছেন।

এর আগে বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আগামী ১৪ জুলাই রায় প্রদানের মাধ্যমে এই মামলার বিচারিক নিষ্পত্তি হবে বলে আশা করা যাচ্ছে।

বর্তমানে কারাগারে থাকা মামলার আসামিরা হলেন-সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল এবং মাহফুজুর রহমান। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।