২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ে শরীরনির্ভর আগ্রাসী ফুটবল খেলেছে। কিলিয়ান এমবাপ্পেদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা মাথা ঠান্ডা রেখে ম্যাচ শেষ করায় খুশি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। যদিও নিজে ডাগআউটে মেজাজ হারিয়েছেন। সমালোচনা করেছেন প্যারাগুয়ের খেলার।
জয়ের পর ফুটবলারদের মানসিকতার প্রশংসা করে দেশম বলেছেন, ‘আমরা নিজেদের খেলায় মনোনিবেশ করেছিলাম। কঠিন ম্যাচ ছিল। প্যারাগুয়ের ফুটবলাররা সব সময় বলের কাছাকাছি থেকেছে। ওদের রক্ষণ দারুণ। এই তাপমাত্রায় গতিসম্পন্ন ফুটবল খেলা কঠিন। আমাদের ফুটবলাররাও কিন্তু পাল্লা দিয়ে খেলেছে। আমরা চাপ ধরে রাখতে সফল হয়েছি। চাপ ধরে রাখলেই ম্যাচ জেতা যায় না। তা-ও এটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। আমাদের কিছু ফুটবলার প্রথমবার বিশ্বকাপ খেলছে। এ পর্যন্ত আমরা সহজ ম্যাচ পেয়েছি, এমন নয়। তবে প্যারাগুয়ে ম্যাচে অন্য রকম অভিজ্ঞতা হলো।’ তিনি আরও বলেন, ‘কাজটা সহজ ছিল না। ওরা সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করেছে। এই আগ্রাসন নিয়ে খেললে সব কিছুই বাড়াবাড়ির পর্যায় চলে যেতে পারে। আমার মতে, এমন ফুটবল দেখতে দর্শকরা মাঠে আসেন না।’
রেফারিং নিয়েও সন্তুষ্ট নন দেশম। ফ্রান্সের কোচ বলেন, ‘আমি রেফারির সমালোচনা করতে চাই না। আমাদের তিনজনকে কার্ড দেখানো হয়েছে। মাঠে কিন্তু আরও অনেক কিছু ঘটেছে। আমি প্যারাগুয়েরও সমালোচনা করব না। প্রত্যেক দলের তাদের নিজেদের মতো করে খেলার স্বাধীনতা রয়েছে। তবে অপমানজনক ঘটনাগুলো না ঘটলেই ভালো হতো। ম্যাচের শেষদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই হোক, আসল হলো আমরাই কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছি।’








