বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার কাছে বিদায় নিলেও কেপ ভার্দে জাতীয় দলের প্রতি দেশের মানুষের গর্ব এতটুকুও কমেনি। রোববার রাজধানী প্রাইয়ায় দলকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো সমর্থক অংশ নিয়ে ঐতিহাসিক এই দলের প্রতি শ্রদ্ধা জানান।

দলের দেশে ফেরার দিনটি ছিল কেপ ভার্দের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর ৫ জুলাই উদযাপিত হয়। ফলে সংবর্ধনাটি আরও বিশেষ তাৎপর্য পায়। দলের আগমনের আগে ফেডারেশন সমর্থকদের জাতীয় দলের নীল জার্সি পরে এবং দেশের পতাকা হাতে নিয়ে রাজধানীর শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানায়।

নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রাইয়া শহরের ঐতিহ্যবাহী লেম ফেরেইরা, ফাজেন্ডা, ভিলা নোভা, আচাদা দে সান্তো আন্তোনিও, প্রাইনহা এবং কেব্রা কানেলা এলাকাগুলো অতিক্রম করে। পুরো শহরজুড়ে এটি পরিণত হয় এক বিশাল গণউৎসবে।

আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও কেপ ভার্দে নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই দলটি সবাইকে চমকে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। পাশাপাশি ঐতিহ্যবাহী শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়ায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলের দেশে ফেরার ঘোষণা দিতে গিয়ে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন লিখেছিল, ‘আমরা আমাদের বীরদের স্বাগত জানাব।’

এই সংবর্ধনা প্রমাণ করে, এবারের বিশ্বকাপ অভিযান দেশটির ফুটবল ইতিহাসে কতটা গভীর ছাপ রেখে গেছে। একই সঙ্গে ‘ব্লু শার্কস’-দের এই প্রজন্মকে কেপ ভার্দের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরএএইচইউএল