ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ২ কোটি টাকার একটি এনডাউমেন্ট ফান্ড গঠনের আগ্রহ প্রকাশ করেছে এলিট গ্রুপ অব কোম্পানিজ। এ তহবিলের আয়ে শিক্ষার্থীদের বৃত্তি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এলিট গ্রুপ অব কোম্পানিজ ও অ্যাকোয়া পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সিরাজ এবং উপব্যবস্থাপনা পরিচালক সাজেদুর সিরাজ। এ সময় তারা এ ফান্ড গঠনের আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইফুর রশীদ এবং বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ উপস্থিত ছিলেন।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য এলিট গ্রুপ অব কোম্পানিজ ও অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, “এলিট গ্রুপের এই উদ্যোগ অন্য শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। দেশের শিল্প উদ্যোক্তারাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরো সমৃদ্ধ হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ২ কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড থেকে অর্জিত আয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি এবং অন্যান্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।